উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন রোগী।
বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তথ্য অনুযায়ী, গত একদিনে মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা বিভাগেই প্রাণ হারিয়েছেন ৬ জন। এছাড়া চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। অন্যদিকে নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৮১৬ জন ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে। মোট মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১৯২ জন মারা গেছেন। এছাড়া খুলনা বিভাগে ৭৭ জন, চট্টগ্রামে ৪০ জন, ময়মনসিংহে ৩৩ জন, বরিশালে ২৯ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুরে ৭ জন এবং সিলেটে ৩ জন মারা গেছেন।
এদিকে ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা ও বাসা-বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর আবারও জোর তাগিদ দিয়েছেন চিকিৎসকরা।