উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খুলনা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় অর্ণব দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে দক্ষিণ ছত্রিশগড় ও তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যা এলাকায় অবস্থান করছে এবং এটি ক্রমান্বয়ে আরও দুর্বল হতে পারে। এছাড়া দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বাঘাবাড়ী, ফেনী ও রামগতিতে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।
আজ ঢাকায় বাতাসের গতিবেগ পূর্ব বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার এবং ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ০৩ মিনিটে।