উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ৫ নভেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সব পাঠ্যবই সরবরাহ সম্পন্ন করার কড়া নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, আগামী বছর থেকে পুরোনো মেশিন ব্যবহার করে মুদ্রণ কাজ চালালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আর কোনো কাজ দেওয়া হবে না।
বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলে বর্ণমালা প্রেস ও গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন। এ সময় প্রতিমন্ত্রী মুদ্রণ প্রক্রিয়া, ব্যবহৃত যন্ত্রপাতি, কাগজের গুণগত মান এবং বই ছাপার সার্বিক মান সরেজমিনে খতিয়ে দেখেন। কয়েকটি বইয়ে রঙের বিন্যাস ও অ্যালাইনমেন্টে অসংগতি দেখতে পেয়ে তিনি সতর্ক করেন, যাতে এ ধরনের ত্রুটি বড় পরিসরে ছড়িয়ে না পড়ে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, কাজের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলে তা দরপত্রে অংশ নেওয়ার আগেই বিবেচনায় নেওয়া উচিত ছিল। যন্ত্রপাতির সক্ষমতা বা কারিগরি সীমাবদ্ধতার অজুহাত দেখিয়ে বইয়ের মানের সঙ্গে কোনোভাবেই আপস করা যাবে না। প্রতিটি বই নির্ধারিত মানদণ্ড অনুযায়ী মুদ্রণ করে শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই তুলে দেওয়া নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মুদ্রণ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।