উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের প্রবীণ শিক্ষাবিদ, লেখক ও গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ সম্প্রতি নতুন প্রজন্মকে মহাপুরুষ সন্ত কবীর ও লালন ফকিরের কালজয়ী ভাবাদর্শ অনুধাবন ও অনুসরণে উদ্বুদ্ধ করার ওপর জোর দিয়েছেন। তাঁর মতে, আমাদের মহতী ঐতিহ্য ও সত্য ইতিহাসবোধের গভীর শিকড় থেকে উঠতি তরুণ প্রজন্মকে বিচ্ছিন্ন করে নৈরাশ্য ও নৈরাজ্যের অন্ধকারে ঠেলে দেওয়ার আন্তর্জাতিক চক্রান্ত এখনও নানা কুকৌশলে অব্যাহত আছে। অখণ্ড সত্য থেকে তাদের খণ্ডিত করার এই হীন ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বব্যাপী মহৎ যে সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন, দেশব্যাপী কবীর-লালন ভাবসংগীত উৎসবের সফল আয়োজন তারই প্রারম্ভিক ও ইতিবাচক সূত্রপাত ঘটিয়েছে।
গত ৩০ অক্টোবর, ২০২৬ তারিখে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে কবীর-লালন ভাবসংগীত উৎসবের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ প্রতিবছর নিয়মিত এ ধরনের সার্বজনীন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি মনে করেন, এমন আয়োজনের মাধ্যমেই তরুণ প্রজন্মকে এই দুই মহাপুরুষের কালজয়ী ভাবদর্শন অনুধাবন ও অনুসরণে উদ্বুদ্ধ করা সম্ভব।
লালন বিশ্বসংঘের আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই ভাবসংগীত উৎসব গত ১১ সেপ্টেম্বর রাজধানী ঢাকার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে সূচিত হয়েছিল। এরপর পর্যায়ক্রমে বরিশাল, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগজুড়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। অখণ্ড কোরানদর্শনের প্রণেতা সুফি সদর উদ্দিন আহমদ চিশতীকে উৎসর্গিত এই উৎসবের সফল সমাপনী ঘটে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। তিনি উল্লেখ করেন, শ্রীমঙ্গলে পর্যটনসহ নানা সাংস্কৃতিক আয়োজন থাকলেও কবীর-লালনের ভাবসংগীতকে কেন্দ্র করে এই উৎসব স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় এসিস্টেন্ট হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস। তাঁর ভাষ্যে, মহাপুরুষগণের সর্বকালীন-সর্বজনীন সত্যদর্শন সংকীর্ণ কোনো স্থান ও কালে সীমাবদ্ধ নয়, বরং তার আবেদন সর্বব্যপ্ত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী ও কবীর-লালন গবেষক আবদেল মাননান।
সমাপনী পর্বের সাংস্কৃতিক আয়োজনে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কবীর-লালন সংগীত নিবেদন করেন ঢাকা থেকে আগত কবীর-লালন মিউজিক্যাল মিশনের শিল্পীরা। উৎসবের সমাপ্তি ঘটে বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন চা বাগানে নিয়োজিত শ্রমজীবী কবীরপন্থী ও রবিদাসপন্থ’ সম্প্রদায়ের শিল্পীদের মনোমুগ্ধকর কবীর-লালন সংগীত পরিবেশন ও নৃত্য নিবেদনের মাধ্যমে। এই আয়োজন একদিকে যেমন দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরেছে, তেমনি নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ভাবাদর্শের প্রতি আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।