উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফের বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। আজ, ০২ নভেম্বর তারিখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক ঘোষণায় জানিয়েছে, ভোক্তাদের জন্য ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বৃদ্ধি পেয়ে এখন ২০৬০ টাকা নির্ধারিত হয়েছে। এই নতুন দর আজ রাত ৮টা থেকেই কার্যকর হবে।
বিইআরসি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির প্রধান উপাদান প্রোপেন ও বিউটেনের মূল্যবৃদ্ধি এবং দেশীয় আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর সম্মিলিত প্রভাবে এই মূল্য সমন্বয় করা হয়েছে। যদিও গত মাস থেকেই বাজারে বিইআরসি ঘোষিত দামে গ্যাস পাওয়া যাচ্ছিল না, তবে এবার নতুন করে ঘোষিত দামের পর পরিস্থিতি কী দাঁড়ায়, তা দেখার বিষয়।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের চুক্তিমূল্য (সৌদি সিপি) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রোপেনের দাম প্রতি টন ৭২০ ডলার এবং বিউটেনের দাম ৭৮০ ডলার নির্ধারণ করা হয়েছে। ৩৫:৬৫ অনুপাতে প্রোপেন ও বিউটেনের মিশ্রণ বিবেচনায় গড় সৌদি সিপি দাঁড়িয়েছে প্রতি টন ৭৫৯ ডলার। এর সঙ্গে এলপিজি আমদানিতে জাহাজ ভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম প্রতি টন ২৫০ ডলার এবং ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ৪৬ পয়সা ধরে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি বেসরকারি এলপিজির প্রতি কেজির দাম ১৭১ টাকা ৬৮ পয়সা নির্ধারণ করেছে, যা ১২ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে ২০৬০ টাকা। কমিশনের হিসাব অনুযায়ী, শুধু সৌদি সিপি বৃদ্ধির কারণেই গত মাসের তুলনায় ১২ কেজির সিলিন্ডারের দাম মূল্য সংযোজন কর (মূসক) সহ প্রায় ৭৪ টাকা বেড়েছে।
শুধু বেসরকারি এলপিজি নয়, সরকারি এলপিজির দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। এলপি গ্যাস পিএলসি কর্তৃক সরবরাহকৃত ১২ দশমিক ৫০ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৬০ টাকা। এছাড়া, রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা বেসরকারি এলপিজির তরল অবস্থায় প্রতি কেজির দাম মূসকসহ ১৬৫ টাকা ৮৫ পয়সা এবং গ্যাসীয় অবস্থায় প্রতি লিটারের দাম ৩৬ পয়সা ৮৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। প্রতি ঘনমিটারের দাম ধরা হয়েছে ৩৬৮ টাকা ৫০ পয়সা। অটোগ্যাসের দাম প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
মূল্যবৃদ্ধির পাশাপাশি, এলপিজি বিক্রেতাদের কমিশনও বাড়ানো হয়েছে। আমদানিকারকদের মজুদকরণ ও বোতলজাতকরণ চার্জ (অপারেটরের প্লান্ট থেকে ডিস্ট্রিবিউটর পর্যন্ত পরিবহন খরচসহ) ১২ কেজিতে ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ দশমিক ৭৬ টাকা করা হয়েছে। ডিলারদের চার্জ ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতার কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত মাসের শেষ দিকে এলপিজির বাজার বেশ অস্থির হয়ে ওঠে। আন্তর্জাতিক বাজারদর ঊর্ধ্বমুখী হওয়ার অজুহাতে আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দিলে ১৫৮৫ টাকার এলপিজি কোথাও কোথাও ২২০০ থেকে ২৫০০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়। এর আগে গত অক্টোবর মাসে এলপিজির দাম ২৫২ টাকা বাড়িয়ে ১৮৩৭ টাকা করা হয়েছিল। ফলে মাত্র এক মাসের ব্যবধানে দুই দফা মূল্যবৃদ্ধিতে সাধারণ ভোক্তাদের ওপর নতুন করে আর্থিক চাপ সৃষ্টি হলো। এই দফায় মোট ২২৩ টাকা বৃদ্ধি পাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।