উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে চারজন ঢাকা বিভাগের, একজন সিলেট বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা। একই সময়ে সারা দেশে সন্দেহজনক ও পরীক্ষায় নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ৪০২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত স্বাস্থ্যসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্যমতে, মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। পাশাপাশি পরীক্ষার মাধ্যমে ৭৭ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এই সময়ে নতুন করে ১ হাজার ২০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৪২ জন।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ১৫০ জনে পৌঁছেছে।
এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, পরীক্ষায় হাম সংক্রমণ নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩১ জন এবং বরিশাল বিভাগে ১৫৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।