উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে স্বাগতিক বাংলাদেশকে সবচেয়ে শক্তিশালী মনে করছেন ভারতের কোচ নওশাদ মুসা।
টুর্নামেন্ট শুরুর আগে কোচ নওশাদ মুসা বলেন, আমার বিবেচনায় এই মুহূর্তে বাংলাদেশই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। আশা করি, ফাইনালে তাদের মুখোমুখি হব। তবে প্রথম ম্যাচের আগে কয়েকজন খেলোয়াড়কে না পাওয়ার বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। ফিফা উইন্ডোতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ থাকায় মূল জাতীয় দলের দায়িত্বে থাকবেন খালিদ জামিল এবং সাফে ভারতের বি দলের ডাগআউটে দাঁড়াবেন নওশাদ।
সাফে ভারতের সাফল্যের ইতিহাস বেশ সমৃদ্ধ এবং ১৯৯৩ সাল থেকে শুরু করে তারা সব মিলিয়ে ৯ বার শিরোপা জিতেছে। সর্বশেষ ২০২৩ সালে ফাইনালে কুয়েতকে হারিয়ে শিরোপা জিতেছিল দলটি এবং এবার ঢাকায় এসেছে দশম ট্রফির স্বপ্ন নিয়ে। ২৮ সদস্যের এই দলে অনূর্ধ্ব-২৩ পর্যায়ের খেলোয়াড়ই বেশি রয়েছে। এর আগে ২০০৯ সালেও ঢাকায় অনূর্ধ্ব-২৩ দল নিয়ে এসে শিরোপা জিতেছিল ভারত।
সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সও আশাব্যঞ্জক রয়েছে। গত বছরের ১৮ নভেম্বর ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের দুই ম্যাচে জয় এবং সেমিফাইনাল জিতলে ফাইনালে মুখোমুখি হতে পারে বাংলাদেশ ও ভারত। বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে এবার বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছে।