উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে নতুন কীর্তি গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। লিগের প্রথম ফুটবলার হিসেবে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট পুরস্কার জিতেছেন ইন্টার মায়ামির এই অধিনায়ক। ২০২৬ মৌসুমে ২৬টি গোল করে সেরার স্বীকৃতি পেয়েছেন মেসি।
গোল্ডেন বুটের দৌড়ে তার ধারেকাছেও যেতে পারেননি অন্য প্রতিদ্বন্দ্বীরা। এফসি ডালাসের পেতার মুসা ২২টি এবং ন্যাশভিল এসসির স্যাম সারিজ ২১টি গোল করে তালিকার পরের অবস্থানে রয়েছেন। মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি এবং ঘরের মাঠে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।
এর আগে গত মৌসুমে ২৯টি গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি, যা এমএলএসের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। এ মৌসুমে গোলের সংখ্যা কিছুটা কমলেও ধারাবাহিক পারফরম্যান্সে আবারও সেরার পুরস্কার নিজের করে নিয়েছেন তিনি।
এ মৌসুমে দলীয় পারফরম্যান্সেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মেসি এবং লিগে সর্বোচ্চ ৮০টি গোল করেছে ইন্টার মায়ামি। এর মধ্যে মেসির নিজের গোল ২৬টি, আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭টি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে দলের মোট গোলের ৪৩টিতে সরাসরি অবদান রয়েছে তার।