উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ৩২তম বার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) আয়োজিত এই সম্মেলনে দেশের চিকিৎসা খাতের নানা দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্ট চিকিৎসকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সরকারি হাসপাতালে শূন্য পদ পূরণের তাগিদ দেন। তিনি উত্তরাঞ্চলে উন্নত চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে ঢাকামুখী রোগীর চাপ কমানোর ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন।
অধ্যাপক রফিকূল ইসলাম তাঁর বক্তব্যে বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোতে ইন্টারভেনশনাল রেডিওলজি সেন্টার প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি দক্ষ জনবল, প্রশিক্ষণ, মানসম্মত রিপোর্টিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী জানান, রেডিওলজি এখন কেবল রোগ নির্ণয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। আধুনিক ইন্টারভেনশনাল রেডিওলজির মাধ্যমে বড় অস্ত্রোপচার ছাড়াই জটিল রোগের কম আক্রমণাত্মক চিকিৎসা সম্ভব হচ্ছে।