বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ব্যবসা-বাণিজ্য

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলো। প্রস্তাব অনুযায়ী, এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২১৮ টাকা এবং পাঁচ লিটারের বোতলের দাম ১ হাজার ৭০ টাকা করার কথা বলা হয়েছে। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা করার প্রস্তাব দিয়েছে কোম্পানিগুলো। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সম্মতি দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়।গত ১৩ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে পাঠানো এক চিঠিতে নতুন মূল্য নির্ধারণের আবেদন জানায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। চিঠিতে ২৫ অক্টোবর থেকে নতুন দাম কার্যকরের প্রস্তাব করা হয়েছিল। তবে সরকারের চূড়ান্ত অনুমোদন না থাকায় প্রস্তাবিত দাম কার্যকর হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়নি।দাম বাড়ানোর পক্ষে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের কাঁচামালের মূল্যবৃদ্ধি, দেশের অভ্যন্তরে জ্বালানি ব্যয় এবং পরিবহন ভাড়া বেড়ে যাওয়ার বিষয়গুলো তুলে ধরেছে সংগঠনটি। সংগঠনটির নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা চিঠিতে উল্লেখ করেন, গত ছয় মাসে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। প্রতি টন ভোজ্যতেলের দাম ১ হাজার ৩০০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৩২৫ ডলারে পৌঁছেছে বলেও চিঠিতে দাবি করা হয়।সংগঠনটির হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের বর্তমান দাম এবং উৎপাদনসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রায় ২৩৩ টাকা হওয়ার কথা। তবে প্রস্তাবে এক লিটার বোতলজাত তেলের দাম ২১৮ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলোর দাবি, গত ২ সেপ্টেম্বর সর্বশেষ মূল্য সমন্বয়ের সময় সরকার দ্রুত আবারও দাম পর্যালোচনার আশ্বাস দিয়েছিল। কিন্তু এরপর দীর্ঘ সময় দাম সমন্বয় না হওয়ায় লোকসানের মুখে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে হচ্ছে বলে দাবি তাদের।কোম্পানিগুলোর আশঙ্কা, দ্রুত মূল্য সমন্বয় না হলে বাজারে ভোজ্যতেলের সরবরাহব্যবস্থা ব্যাহত হতে পারে। এতে আসন্ন রমজান মাসে বাজারে তেলের প্রাপ্যতার ওপরও নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি রয়েছে বলে তারা জানিয়েছে।

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব
🔒