বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দুর্নীতি

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক প্রধান প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়া, উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা এবং বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগ উঠেছে। নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নগর উন্নয়ন প্রকল্পে প্রভাব বিস্তার, নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া, কমিশন বাণিজ্য এবং ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে নকশা অনুমোদনের অভিযোগ রয়েছে। অভিযোগের বিবরণে বলা হয়েছে, গত দুই দশকে সিলেট নগরের ড্রেনেজ, ছড়া সংরক্ষণ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ ও কাজের প্রক্রিয়ায় নূর আজিজুল রহমান প্রভাব বিস্তার করেছেন। শত শত কোটি টাকার প্রকল্পে অনিয়ম এবং নির্দিষ্ট ঠিকাদারদের সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। নূর আজিজুল রহমানকে ঘিরে অতীতের একটি অভিযোগও সামনে এসেছে। অভিযোগের বিবরণ অনুযায়ী, ২০০৭ সালে জরুরি অবস্থার সময় যৌথ বাহিনী তাঁকে ঘুষ গ্রহণ ও টেন্ডার জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করেছিল। এ ছাড়া, ২০২৩ সালের ২৩ মে সিসিকের নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে ভারী স্টিলের পাইপ পড়ে ল্যান্স করপোরাল মো. দেলোয়ার হোসেন নামের এক সেনাসদস্যের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় নূর আজিজুল রহমানের নাম এক নম্বর অভিযুক্ত হিসেবে রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলার নম্বর হিসেবে কোতোয়ালি থানার ২৪/১৫০ উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলা নম্বর ০১ এবং সিআর মামলা নম্বর ৩৫২-এও তাঁর নাম আসামি হিসেবে রয়েছে বলে অভিযোগের বিবরণে দাবি করা হয়েছে। অভিযোগকারীদের আরও দাবি, বর্তমানে ঢাকায় কর্মরত থাকলেও সিসিকের কিছু পুরোনো ফাইল তৈরি ও অনুমোদনের প্রক্রিয়ায় নূর আজিজুল রহমানের প্রভাব রয়েছে। জনস্বার্থসংশ্লিষ্ট এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সিসিকের সংশ্লিষ্ট প্রকল্প, দরপত্র, ব্যয় ও অনুমোদনপ্রক্রিয়া পর্যালোচনা করে প্রয়োজনীয় তদন্তের দাবি উঠেছে। তবে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে নূর আজিজুল রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
🔒