বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

শিক্ষা

শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থা শেখাবে নতুন দুই সম্পূরক বই

শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে শেখানোর জন্য দেশের বিভাগীয় শহর, সিটি করপোরেশন ও জেলা শহরগুলোতে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে দুইটি সম্পূরক বই দেওয়া হবে। মঙ্গলবার ২৭ অক্টোবর টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ কথা বলেন। অনুষ্ঠানে গবেষণায় বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক ও ১৯ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রী তাদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, ২০২৭ শিক্ষাবর্ষের বই যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে এবং পাঠ্যপুস্তকের মানের বিষয়ে কোন আপোষ করা হবে না। মন্ত্রী আরও বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে এবং ভালোভাবে এর ব্যবহার শিখতে হবে। বাংলাদেশ বিপুল জনসংখ্যার একটি দেশ উল্লেখ করে তিনি বলেন, এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং শিক্ষাখাতে জিডিপির দুই শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও অন্যান্য অতিথিরা। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোঃ আনিসুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থা শেখাবে নতুন দুই সম্পূরক বই
🔒