বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ব্যাংক ও বীমা

ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকা দিচ্ছে সোনালী ব্যাংক

তারল্য সংকট মোকাবিলা এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদা পূরণে ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। এ ঋণের বিপরীতে গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক।সোমবার (১২ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। আমানতকারীরা যাতে প্রয়োজন অনুযায়ী নিজেদের জমা অর্থ তুলতে পারেন, তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।এর আগে গত রোববার (১১ অক্টোবর) থেকে আমানত ফেরত পাওয়ার জন্য গ্রাহকদের আবেদন নেওয়া শুরু করে ন্যাশনাল ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দুই দিনে প্রায় সাড়ে সাত হাজার গ্রাহক আমানতের অর্থ ফেরত চেয়ে আবেদন করেছেন। আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে ব্যাংকটির।গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন এবং ব্যবস্থাপনা পরিচালক জাফর আহমেদের বৈঠক হয়। ওই বৈঠকেই ব্যাংকটির তারল্য পরিস্থিতি ও আমানতকারীদের অর্থ উত্তোলনের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।বৈঠক সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করার অগ্রগতি হয়েছে বলে গভর্নরকে জানান। পাশাপাশি ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, ন্যাশনাল ব্যাংকের তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরদারিতে রয়েছে। আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বজায় রাখা এবং ব্যাংকটির কার্যক্রম সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।বিশেষ করে, সব আমানতকারী যাতে প্রয়োজন অনুযায়ী তাঁদের জমা অর্থ তুলতে পারেন, তা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করার নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকা দিচ্ছে সোনালী ব্যাংক
🔒