বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দুর্যোগ ও ত্রাণ

দুর্যোগ প্রশমন দিবস কাল, প্রতিপাদ্য ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর)। এ বছর দিবসটির প্রতিপাদ্য—‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো, আগাম প্রস্তুতি জোরদার এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে দেশে দিবসটি পালনের আয়োজন করা হয়েছে।দিবসটি উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম। সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও দিবসটি গুরুত্বের সঙ্গে পালন করা হবে। দিবসের তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠান প্রচার এবং সচেতনতামূলক পোস্টার প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।দিবসটি পালনের গুরুত্ব তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশকে দীর্ঘদিন ধরেই প্রকৃতির নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হচ্ছে।তিনি বলেন, বঙ্গোপসাগরের উপকূলবর্তী অবস্থান, দেশের বিস্তৃত নদ-নদী, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং বিপুল জনসংখ্যার চাপ বাংলাদেশকে বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশে পরিণত করেছে। ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, নদীভাঙন, ভূমিধস, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগ দেশের মানুষের জন্য নিয়মিত ঝুঁকি তৈরি করে।মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, দুর্যোগের সময় ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, কার্যকর ব্যবস্থাপনা এবং মানুষের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার মাধ্যমে তাদের নিরাপত্তা ও স্বস্তি দেওয়াই দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য।দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পরিবার ও ব্যক্তিপর্যায় থেকেই প্রস্তুতি শুরু করার ওপর এবারের প্রতিপাদ্যে গুরুত্ব দেওয়া হয়েছে।

দুর্যোগ প্রশমন দিবস কাল, প্রতিপাদ্য ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’
🔒