বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিনোদন

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

আজ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনাজের জন্মদিন। বিশেষ কোনো বড় আয়োজন না থাকলেও পারিবারিক পরিমণ্ডলে নিজেদের মতো করেই দিনটি উদ্‌যাপন করছেন তিনি। জন্মদিনের অনুভূতি প্রকাশ করে শাবনাজ বলেন, মহান আল্লাহ্‌র কাছে অসীম কৃতজ্ঞতা যে, তিনি আমাকে সুন্দর এক জীবন উপহার দিয়েছেন। মানুষের ভালোবাসায় সব সময়ই আমি সিক্ত। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সবার কাছে দোয়া চাই, যেন বাকিটা জীবন স্বামী-সন্তানদের নিয়ে সুস্থ ও সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি। ১৯৯১ সালে পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে নাঈম ও শাবনাজ জুটির অভিষেক ঘটে। নাম ভূমিকায় শাবনাজের অনবদ্য অভিনয় এবং তাদের যুগল উপস্থিতি ঢালিউডে নতুন তারুণ্যের জোয়ার এনে দেয়। এরপর জুটি বেঁধে তারা অভিনয় করেন ‘জিদ’, ‘লাভ’, ‘সোনিয়া’, ‘অনুতপ্ত’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’ ও ‘ঘরে ঘরে যুদ্ধ’ চলচ্চিত্রে। পর্দায় সফল এই জুটি ১৯৯৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০১ সালে প্রয়াত আজিজুর রহমানের ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমায় তাদের শেষবারের মতো একসঙ্গে দেখা যায়। পরে ২০০৭ সালে একই পরিচালকের ‘ডাক্তার বাড়ি’ চলচ্চিত্রে অভিনয় করেন শাবনাজ। পারিবারিক নাম সাবরিনা তানিয়া হওয়া এই অভিনেত্রীর ছোট বোন মৌ-ও একজন অভিনয়শিল্পী। বাবার মাধ্যমে আজিজুর রহমানের সঙ্গে পরিচয় এবং সেখান থেকেই নির্মাতা এহতেশামের পরিচালনায় রূপালি পর্দায় যাত্রা শুরু হয়েছিল শাবনাজের।

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ
🔒