বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি

এআই চশমা পরে দাবায় জয়! তরুণের প্রতারণায় নেটপাড়ায় শঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনে নানা ক্ষেত্রে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং ঝুঁকির মুখে এসে দাঁড়িয়েছে বেশ কিছু জীবিকাও। সম্প্রতি এমনই একটি ঘটনার কথা জানা গিয়েছে, যা জেনে চোখ কপালে উঠেছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। এআই-চালিত স্মার্ট চশমা ব্যবহার করে এক অসতর্ক প্রতিপক্ষের বিরুদ্ধে দাবা খেলায় জয়লাভ করছেন এক ব্যক্তি। সংবাদ প্রতিবেদন অনুসারে, একটি পার্কে এক তরুণীকে দাবা খেলার জন্য চ্যালেঞ্জ করেন এক তরুণ এবং সেই খেলারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োয় তরুণকে বলতে শোনা যায়, তিনি বার দুয়েক দাবা খেলেছেন ও তাঁর মনে হয় তিনি সব নিয়ম জানেন। খেলা চলাকালীন দাবার বোর্ডের চারিধারে একটি আকাশি রঙের আলো এবং নির্দিষ্ট কিছু ঘরে সবুজ আলো দেখা যায়। ভিডিয়োর পরের অংশে পুরো ঘটনার রহস্যভেদ করে জয়ী তরুণ জানান যে তিনি প্রথমে মেটার স্মার্টগ্লাসকে ম্যাকবুকে সংযোগ করেছিলেন। এর পর একটি জিপিটি মডেলের সাহায্য নেন এবং সেই জিপিটি তথ্য ‘স্টকফিশ’ নামক একটি ওপেন সোর্স চেস ইঞ্জিনে পাঠায়। এ ভাবেই সবচেয়ে ভাল চালগুলি জেনে ফেলে অবলীলায় প্রতিপক্ষ তরুণীকে হারিয়ে দেন তরুণ। ‘কোডবাইপুনম’ নামের এক্স হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। যদি স্মার্ট গ্লাস ব্যবহারকারী ফোন হাতে না ধরেই ছবি তুলতে, ফোন করতে এবং তথ্য পাচার করতে পারেন, তবে প্রতারণার মতো বিষয়গুলি অতি সহজেই করা সম্ভব বলে মত নেটাগরিকদের। কৃত্রিম মেধার সঙ্গে সম্পর্কিত এই ঘটনায় উদ্বিগ্ন হয়েছে নেটপাড়াও।

এআই চশমা পরে দাবায় জয়! তরুণের প্রতারণায় নেটপাড়ায় শঙ্কা
🔒